রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরো ১৪ জনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৭

রাজশাহীতে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল আবার কমেছে। এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ছয় জন, করোনা নেগেটিভ চার জন এবং করোনার উপসর্গে চার জন মারা যান। মৃতদের মধ্যে নয় জন পুরুষ এবং পাঁচ জন নারী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জুলাই মাসের ১২ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২০৬ জনের মৃত্যু হলো। আর জুন মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের পাঁচ জন রাজশাহীর (পজিটিভ দুই, নেগেটিভ দুই, উপসর্গে এক), নাটোরের চার জন (পজিটিভ এক, উপসর্গে দুই ও নেগেটিভ এক), নওগাঁর দুই (পজিটিভ), পাবনার এক (পজিটিভ) ও চাঁপাইনবাবগঞ্জে দুই জন (নেগেটিভ এক, উপসর্গে এক)। তিনি বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত এই হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫১৭ জন। গতকাল রবিবার ভর্তি ছিলেন ৫১৮ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। রামেক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৪, চাঁপাইনবাবগঞ্জের ৪২, নাটোরের ৬৬, নওগাঁর ৪৪, পাবনার ৪৫, কুষ্টিয়ার ৭, চুয়াডাঙ্গার ৪, জয়পুরহাটের ৩, সিরাজগঞ্জের ১, নীলফামারীর ১ ও বগুড়ার ১ জন রয়েছেন। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১০, নওগাঁর ৭, পাবনার ৮, জয়পুরহাটের ২, সিরাজগঞ্জের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

প্রতিদিন করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছেই। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে রামেক হাসপাতালের আরো দুটি ওয়ার্ডকে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ওয়ার্ড দুটিতে সেন্ট্রাল অক্সিজেন সংযোজনের কাজ চলছে। 

রাজশাহীতে করোনা ফের ঊর্ধ্বমুখী

রামেক পরিচালক জানান, রাজশাহীতে রবিবার বেড়েছে করোনা ভাইরাস শনাক্তের হার। এদিন দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ শতাংশ বেশি।

এদিনের করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ২৫ দশমিক শূন্য ৫ শতাংশ। তারও আগের দিন শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক শুন্য ৩ শতাংশ, গত রবিবার ছিল ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনিবার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।