নারী-শিশুসহ সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৮

ইত্তেফাক ডেস্ক

নারী ও শিশুসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর—

কালিয়াকৈর (গাজীপুর) :কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে আমজাদ হোসেন নামে এক গরু ব্যবসায়ী ও ট্রাকের হেলপার মনির হোসেন নিহত হয়েছেন। গত রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার  চন্দ্রা ওয়ালটন কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ হোসেন জয়পুরহাট জেলা সদর থানার বুলু মিয়ার ছেলে ও মনির হোসেন ছাগলনাইয়ার জালাল আহমেদের ছেলে।

কচুয়া (চাঁদপুর) :কচুয়ায় ছেলেকে দোকানে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় রাবেয়া খাতুন (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের উত্তর ডুমুরিয়ার সিরাজ মিয়ার বাড়িসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া খাতুন কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া উত্তর পাড়ার আবদুল সাত্তারের স্ত্রী।

ফরিদগঞ্জ (চাঁদপুর) :ফরিদগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শানজিদা আক্তার ঐ গ্রামের ছৈয়াল বাড়ির মাসুদ খানের মেয়ে।