সাভারে পারিবারিক দ্বন্দ্বে শিশু খুন, খালু গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৮

 

ইত্তেফাক রিপোর্ট

সাভারে পারিবারিক দ্বন্দ্বে আপন খালুর হাতে প্রাণ গেল আট বছরের শিশু রাজিয়ার। রবিবার গভীর রাতে নিখোঁজের তিন দিন পর উপজেলার রাজফুলবাড়ীয়া রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানা থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির খালু নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে নাজমুল। নিহত রাজিয়া সুলতানা রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবতি বিষ্ণুপুর এলাকার আব্দুল জলিলের মেয়ে।

পুলিশ জানায়, অভিযুক্ত নাজমুল ও রাজিয়া সুলতানাসহ তার বাবা-মা রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করত। কিছু দিন আগে নাজমুল রাজিয়ার মায়ের একজোড়া কানের দুল বন্ধকের কথা বলে বিক্রি করে দেয়। সেই কানের দুলের জন্য তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে একপর্যায়ে তা ফেরত দিতে বাধ্য হয় নাজমুল। পরে সে আবারও রাজিয়ার বাবার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলেই ক্ষিপ্ত হয় নাজমুল। পরে গত ৯ জুলাই বিকালে ধারের ৫ হাজার টাকা ফেরত দেওয়ার কথা ছিল। ঐ দিনই কৌশলে নাজমুল কাউকে না জানিয়ে রাজিয়া সুলতানাকে ঘুরতে যাওয়ার কথা বলে তরফ রাজাঘাট এলাকার একটি বিলে নিয়ে পানিতে চুবিয়ে হত্যার পর কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। এদিকে রাজিয়াকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা শনিবার সাভার থানায় নিখোঁজের ডায়ারি করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করা হলে সে রাজিয়াকে হত্যার কথা স্বীকার করে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী কচুরিপানার নিচ থেকে নিখোঁজ রাজিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।