নরসিংদীতে নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৮

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকালে দুই চাচাতো বোন বাড়ির অদূরে মেঘনার শাখা নদীতে গোসল করার সময় তলিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্পিডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন।