নেত্রকোনায় ডোবা ও পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৯

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন এবং নাজিরপুর ইউনিয়নের গ্রাম থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহগুলো হচ্ছে :বিশিউতি গ্রামের সাব্বির হোসেনের পুত্র মোস্তাকিন (১),  বাতানইয়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে তাসমিয়া (৪) এবং কুবরিকান্দা গ্রামের আরশাদ মিয়ার দেড় বছরের পুত্র জাহিদুল।

কলমাকান্দা থানা সূত্রে জানা গেছে, এই তিন শিশু দুপুরের দিকে নিজ বাড়ির সামনে খেলছিল। কিন্তু কিছুক্ষণ  পর এই শিশুদের কোনো খোঁজ না পাওয়ায় বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকেন। পরে রাতে এই তিন শিশুর লাশ পুকুর ও পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ওসি মো. আবুল আহসান জানান, মৃতদেহগুলো উদ্ধারের পর পরিবারের কাছে দেওয়া হয়। থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।