সংকটকালে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভাঙার চেষ্টা চালাচ্ছে বিএনপি :কাদের

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংকটকালে সাহস জোগানোর বদলে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে। আমি তাদের বিষোদগার ও সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস দলমত চেনে না।’ মন্ত্রী গতকাল সোমবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দলমত নির্বিশেষে সবার কাছে সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। তিনি বলেন, সংক্রমণের                 উচ্চহারের সঙ্গে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও চলছে উচ্চমাত্রায়। অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা-বিবৃতিতেই সীমাবদ্ধ।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একবার বলে কঠোর লকডাউন আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয়। এখন আবার বলছে কারফিউ সমাধান নয়। আমি বিএনপি নেতাদের কাছে জানতে চাই, সরকার কি বলছে যে কারফিউতে সমাধান?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহামারিতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে সেখানেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা কোনো দলের নয় অথচ বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক। পৃথিবীর কোথাও দলীয় কমিটির রেওয়াজ নেই।