দক্ষিণ চীন সাগর থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাড়ানোর দাবি করেছে চীন। দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র সেই অভিযোগ অস্বীকার করেছে। খবর আলজাজিরার
চীন দাবি করেছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ‘ইউএসএস বেলফোল্ড’ নামের একটি যুদ্ধজাহাজ। পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের বক্তব্য, দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ করে তাদের সার্বভৌমত্বে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এমন আগ্রাসি কার্যকলাপ থেকে আমেরিকাকে বিরত থাকার আবেদন জানিয়েছে চীনা বাহিনী। এদিকে এই ঘটনায় পালটা বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সাগরে চলাচলের অধিকার মেনেই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে। সাগরে আন্তর্জাতিক জলসীমায় যাতায়াতের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। দক্ষিণ চীন সাগরে বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত পারাসেল দ্বীপপুঞ্জ। খনিজ পদার্থ সমৃদ্ধ ঐ গোটা অঞ্চলটি নিজের বলে দাবি করে আসছে চীন। একই সঙ্গে ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ।
