ভারতের তিন রাজ্যে বজ্রপাতে এক দিনেই ৬৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে। জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা বেশি ঘটছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। খবর ডয়চেভেলের
রবিবার রাজস্থানের জয়পুরে আমের অঞ্চলে একটি ওয়াচটাওয়ারে উঠে সেলফি তুলছিলেন কয়েক জন। তখনই পর পর দুইবার বাজ পড়ে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এছাড়া কোটায় চার জন, ঢোলপুরে তিন জনের মৃত্যু হয়েছে। ঝালওয়ার এবং বারানে এক জন করে মারা গেছেন। এদিকে একই দিনে উত্তর প্রদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪১ জনের। কিছুদিন আগেই ঐ রাজ্যে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। মধ্যপ্রদেশেও মৃত্যু হয়েছে সাত জনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ জন।
আমেরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং সাবেক উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট। বিজ্ঞানীদের অনেকেই বলছেন, গত কয়েক বছরে আবহাওয়া পরিবর্তনের কারণে বজ্রপাতের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। দূষণও এর জন্য দায়ী।
