গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে (৩০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহপাঠী সোহেল মিয়া ও প্লাবন নামে অপর দুই যুবক আহত হন। গত রবিবার রাতে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আশিকুর রহমান ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে এবং ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এদিকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত পুলিশ জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, আশিকুর রহমান রকি গত রবিবার রাতে তার দুই সহপাঠীসহ গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। পরে তারা আশিকুর ও তার সহপাঠীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রকিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় গতকাল রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে সদর থানায় তিন জনের নামসহ অজ্ঞাত আরো সাত-আট জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার জানান, গত দুই মাস আগে পূর্বপাড়া এলাকার নবাব আলীর ছেলে কাঞ্চনের সঙ্গে রকির মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে কাঞ্চন তার দলবলসহ রকির ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, হত্যাকারী কাঞ্চন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক ।
পুলিশ সুপার মুহাম্মদ তোহিদুল ইসলাম জানান, আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হত্যাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
