হাইতির প্রেসিডেন্ট হত্যায় ‘মূল হোতা’ গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৩৪

হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন মূল হোতাকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। সরকার বলছে, হাইতি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাস করা এই ব্যক্তিই প্রেসিডেন্টকে অপসারণ করতে আততায়ীদের ভাড়া করে আনেন। খবর আলজাজিরার

গত বুধবার নিজ বাসভবনে রাতে একদল বন্দুকধারীর গুলিতে নিহত হন প্রেসিডেন্ট ময়েস। তার স্ত্রীও গুলিতে আহত হন, যিনি এখন ফ্লোরিডার মিয়ামিতে চিকিত্সাধীন। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, ২৮ জনের একটি বিদেশি হিট স্কোয়াড প্রেসিডেন্টকে হত্যা করেছে। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুই জন হাইতি বংশোদ্ভূত আমেরিকান। স্থানীয় সময় রবিবার হাইতির পুলিশপ্রধান লিওঁ চার্লস এক সংবাদ সম্মেলনে বলেন, মূল সন্দেহভাজন হিসেবে ৬৩ বছর বয়সি ক্রিশ্চিয়ান এমানুয়েল সানোনকে আটক করা হয়েছে। গত জুনে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভাড়া করা নিরাপত্তারক্ষীদের নিয়ে হাইতিতে আসেন। তিনি প্রেসিডেন্টকে হত্যা করে নিজেই ক্ষমতায় বসতে চেয়েছিলেন। তিনি ফ্লোরিডাভিত্তিক ভেনিজুয়েলার নিরাপত্তা ফার্মের মাধ্যমে কলম্বিয়ানদের ভাড়া করেন। এ নিয়ে তৃতীয় আমেরিকানকে আটক করা হলো প্রেসিডেন্টকে হত্যার ঘটনায়। মোট ২১ জনকে আটক করা হলো। তবে চার্লস প্রেসিডেন্টকে হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে কি না তা জানাননি। চার্লস জানান, প্রাথমিকভাবে এমানুয়েলের নিরাপত্তাই মিশনের প্রধান লক্ষ্য ছিল। পরে সেটিতে পরিবর্তন আনা হয়।