ভবঘুরে অপ্রকৃতিস্থ এক নারী মা হয়েছেন। খবর পেয়ে সবাই দেখতে এসেছেন মা ও নবজাতককে। ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে সবাই মুগ্ধ, আনন্দিত। গতকাল সোমবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর বাজার এলাকায় ঐ অপ্রকৃতিস্থ নারী ছেলে সন্তান জন্ম দেন।
ঐ নারীর মা হওয়ার কথা লোকমুখে জানাজানি হলে মা ও শিশুকে দেখতে নারী-পুরুষরা ভিড় করেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজও ছুটে আসেন। পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন। এক আবেগঘন পরিবেশে তিনি অপ্রকৃতিস্থ নারী ও বাচ্চা শিশুটির দায়িত্ব নিয়ে চিকিত্সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মা ও শিশু সেখানে চিকিত্সক-নার্সের সেবাযত্নে আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১০-১২ দিন আগে উপজেলার রামপুর বাজারে ঐ অপ্রকৃতিস্ত নারী আসেন। সন্তানসম্ভবা ঐ নারী বেশি কথা বলতেন না। কেউ কিছু খেতে দিলে খান। তবে জোর করে কারো খাবার খান না। সোমবার সকালের দিকে ঐ অপ্রকৃতিস্থ নারীর প্রসব বেদনা দেখা দিলে রামপুর বাজারের পাশের আমির উদ্দিনের মেয়ে জেসমিন ও সাবিনা তাদের বাড়িতে নিয়ে সন্তান প্রসব করার কাজে সহযোগিতা করেন। সেখানে ঐ অপ্রকৃতিস্থ নারীর ছেলে সন্তানের জন্ম হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, অপ্রকৃতিস্থ ঐ নারী কোনো তথ্যই দিতে চাচ্ছেন না। বাচ্চাকে খাওয়াতেও চাচ্ছেন না। অনেক বুঝিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য রাজি করা হয়েছে। চিকিত্সা চলছে। মা ও বাচ্চার অবস্থা ভালো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সেলিম জানান, হাসপাতালের একটি রুমে মা ও শিশুটিকে রাখা হয়েছে। সার্বক্ষণিক চিকিত্সক ও নার্স তাদের সেবায় নিয়োজিত আছেন। বাচ্চা ও তার মা বর্তমানে সুস্থ ও ভালো আছেন। অপ্রকৃতিস্থ নারী যেন পালিয়ে যেতে না পারেন তারও খেয়াল রাখার জন্য বলা হয়েছে।
