দিল্লিতে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৩৫

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সমঝোতা স্বাক্ষর হলো গতকাল সোমবার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই চেয়ার প্রতিষ্ঠা করা হয়।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতার ভিত্তিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আগামী পাঁচ শিক্ষা বর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্দেশ হবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বাংলাদেশের উন্নয়নকে আরো ভালোভাবে জানা এবং এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করা।

আইসিসিআর মিলনায়তনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আইসিসিআর এর মহাপরিচালক দীনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি। এ সময় উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও আইসিসিআর এর প্রেসিডেন্ট বিনয় শেহেশারবুদ্দি এবং আইসিসিআর ও বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মধ্য দিয়ে দুটি দেশের মাঝে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।