এক দিনে রেকর্ড ১৩৭৬৮ রোগী শনাক্ত, মৃত্যু ২২০

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৩৭

দেশে করোনা ভাইরাসে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন, যা মহামারিকালের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গত এক দিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরো ২২০ জনের। আগের দিন রবিবার সারা দেশে রেকর্ড ১১ হাজার ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত এবং ২৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন মৃত্যর সংখ্যা দশে নেমে এলেও এক দিনেই শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে ২ হাজারের কাছাকাছি। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। তাদের মধ্যে ১৬ হাজার ৬৩৯ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় লকডাউন শিথিল করলে সামনে সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এবার যে যেখানে আছেন, সেখানেই ঈদ উদ্যাপন করা উচিত।

টানা লকডাউনের ১২তম দিনেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ে আশাবাদী হতে পারছেন না কেউই। খোদ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়িই পরিস্থিতি করুণ হয়ে যাবে। এদিকে গত এক দিনে কেবল ঢাকা বিভাগেই ৬৪১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের প্রায় অর্ধেক। চট্টগ্রাম বিভাগেও এক দিনে শনাক্ত রোগী ২ হাজার ছাড়িয়েছে। আর যে ২২০ জন গত এক দিনে মারা গেছে, তাদের ৬৪ জনই ছিল ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের। সরকারি হিসাবে গত এক দিনে আরো ৭ হাজার ২০ জন সুস্থ হয়ে উঠেছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। গত ৬ থেকে ৯ জুলাই টানা চার দিন দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১১ হাজারের ওপরে। মাঝখানে ১০ জুলাই তা কমে ৮ হাজারের ঘরে থাকলেও পরদিনই ১১ হাজার ৮০০ ছাড়িয়ে  রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সোমবার তা আরো বেড়ে সাড়ে ১৩ হাজার ছাড়িয়ে গেল। গত ২৭ জুন থেকে টানা ১৬ দিন ধরে দৈনিক মতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে। এর মধ্যে ৭ জুলাই তা প্রথমবারের মতো ২০০ ছাড়ায় এবং ১১ জুলাই ২৩০ মৃত্যুর রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২৭টি ল্যাবে ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ, আগের দিন যা ২৯ দশমিক ৬৭ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গত এক দিনে ঢাকা বিভাগে যে ৬৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩৪ জন ঢাকা জেলার। আর খুলনা বিভাগে মারা যাওয়া ৫৫ জনের মধ্যে ১৫ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিল।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃত ২২০ জনের মধ্যে ১২১ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। ৪৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। তাদের ১৪২ জন পুরুষ, ৭৮ জন নারী। ১৬৭ জন সরকারি হাসপাতালে, ৪০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।