করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের ১২তম দিনে গতকাল সোমবার রাজধানীতে ৬০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় এবং মাস্ক ব্যবহার না করায় ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্টে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল আরো জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে গতকাল সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।
দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
