যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৩৮

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। করোনায় আক্রান্ত হয়ে গতবছরের ১৩ জুলাই চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পরদিন তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার ও যুমনা গ্রুপের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া-মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও যমুনা গ্রুপ। ১৯৪৬ সালে নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মরহুম নুরুল ইসলাম বাবুল।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন যমুনা গ্রুপের প্রতিষ্ঠান। ১৯৭৪ সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। একে একে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। এশিয়ার অন্যতম বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে বিনিয়োগ করে গ্রুপটি। মরহুম নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম এমপি বর্তমানে যমুনা গ্রুপের চেয়ারপারসন। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে- সোনিয়া ইসলাম, মনিকা ইসলাম ও রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।