গোদাগাড়ীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০০:৪২

গোদাগাড়ীতে আরফিনা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উপজেলার পাকড়ী ইউনিয়নের সগুনা গ্রামের আফজাল হোসেনের মেয়ে আরফিনা। পাকড়ী কলেজের এইচএসসির ছাত্রী। তার মা বলেন, প্রতিদিনের মতো সোমবার দুপুরে খাবার খেয়ে ২য় তলায় নিজ ঘরে বিশ্রামে যায় আরফিনা। এরপর রাত ৮টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে শুরু করি। এ সময় তার কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত শেষে জানা যাবে।