গজনির নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে তালেবান

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০০:৪৪

আফগানিস্তানে রবিবার রাতে সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে—নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে। গজনি প্রদেশের প্রধান শহরের কাছের একটি এলাকা তালেবান দখলে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। গজনি শহরেও তারা হামলা চালাচ্ছে। সরকারি বাহিনীও তাদের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর আফগান কমান্ডের প্রধান অস্টিন স্কট মিলার তার দায়িত্ব জেনারেল কেনেথ ম্যাককেনজির কাছে হস্তান্তর করেছেন। ২০১৮ সাল থেকে তিনি এই কমান্ডের দায়িত্ব পালন করছিলেন। —আলজাজিরা ও পার্স টুডে