‘তালেবানের প্রতি পাক সমর্থনই আফগানিস্তানে সহিংসতার কারণ’

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৯:৫০

আফগানিস্তানে চলমান অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগান সংবাদমাধ্যম ও রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। তাদের দাবি, তালেবানের প্রতি পাকিস্তানের প্রচ্ছন্ন সমর্থন আফগানিস্তানে রক্তাক্ত সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে।

আফগান সরকারের পক্ষ থেকেও একাধিকবার একই অভিযোগ শোনা গেছে। সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর ক্রমবর্ধমান সহিংসতার মুখে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ডয়েচে ভেলে।

আবদুস সাত্তার হুসেইনি নামে এক আফগান রাজনীতিক সম্প্রতি এক টিভি শোতে বলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা পাকিস্তানের হাতে আক্রান্ত। আমরা শুধু তালেবানের বিরুদ্ধে লড়ছি না, আমাদের পাকিস্তানের বিরুদ্ধেও এই নোংরা যুদ্ধে লড়তে হচ্ছে। আফগানিস্তানের জন্য তালেবানের কোনো পরিকল্পনা নেই, আমরাও পাকিস্তানের উদ্দেশ্য মেনে নেব না।

Taliban reject claims Russia aided fighters in attacks on US troops -  Newspaper - DAWN.COM

তিনি আরও বলেন, পাকিস্তান সাধারণত এসব অভিযোগ উড়িয়ে দিয়ে থাকে, যদিও আফগানরা তা সহজভাবে নেয় না। গত মাসে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি একটি আফগান টিভি শোতে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক তার কাছে পাকিস্তানে কিছু তালেবান নেতার অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে কোরেশি বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

অনুষ্ঠানে পাকিস্তানি মন্ত্রী বারবার বোঝাতে চেষ্টা করেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তবে উপস্থাপকের সব প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। কাবুলের সাংবাদিক শারিফ হাসানিয়ার জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক চার দশকেরও বেশি সময় ধরে এমন। বেশির ভাগ আফগানই পাকিস্তানকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। কারণ নব্বইয়ের দশকে তালেবান ও মুজাহিদীনকে সমর্থন করেছিল ইসলামাবাদ।

তিনি বলেন, সুশীল সমাজ ও সাংবাদিকেরা দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে যতই চেষ্টা করুন না কেন, এ কাজ আসলে সরকারের।

ইত্তেফাক/টিআর