অপহৃত ছেলেকে দুই যুগ (২৪ বছর) পর খুঁজে পেলেন চীনের এক বাবা। দুইবছর বয়সে অপহৃত হওয়া সেই ছেলেকে খুঁজতে ওই বাবা মোটরসাইকেলে চড়ে চীনজুড়ে পাঁচ লাখ কিলোমিটার ঘুরে বেড়িয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পর ছেলেকে খুঁজে পাওয়া ওই বাবার নাম গুয়ো গ্যাংটাং। তার এখন বয়স ৫১। চীনের শ্যাংডং প্রদেশের নিজ বাড়ির সামনে থেকেই মানব পাচারকারীরা তার ২ বছর বয়সী ছেলেকে অপহরণ করে।
ওই অপহরণের ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয় চীনে। সেই সিনেমায় অভিনয় করেন হংকং এর সুপারস্টার অ্যান্ডি লাউ।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুলিশ ডিএনএ পরীক্ষার সাহায্যে গুয়ো’র ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এই ডিএনএ পরীক্ষা শনাক্তের পর ২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বেশি কিছু জানানো হয়নি ওই তথ্যে।
তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়োর ছেলেকে পার্শ্ববর্তী হেনান প্রদেশে দেখা গেছে। চলতি সপ্তাহের শেষদিকে বাবা-ছেলের পুনরায় মিলিত হওয়ার কথা রয়েছে।
ছেলের খোঁজ পাওয়ার পর বাবা গুয়ো সাংবাদিকদের বলেন, ২৪ বছর পর ছেলেকে খুঁজে পেয়েছি। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।
প্রসঙ্গত, শিশু অপহরণ চীনে একটি বড় সমস্যা। প্রতি বছর হাজার হাজার শিশু অপহরণের শিকার হয় দেশটিতে।
ইত্তেফাক/টিআর
