পীরগঞ্জে শিশুকে নির্যাতন, আটক ১

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭:৪২

পীরগঞ্জ থানা পুলিশ মাছ চুরির করার অভিযোগে ৯ বছরের এক শিশুকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অপরাধে রমজান আলী বাসু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) ওই শিশুর পিতার মনির উদ্দিন পীরগঞ্জ থানায় রমজান আলী বাসুকে আসামি করে মামলা করে। শিশু জুয়েল রানার বাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মল্লিকপুর গ্রামে তামলাই দিঘির মাছ মারা শেষ হলে কাদা মাটিতে কয়েকজন শিশুসহ মাছ কুড়ানোর জন্য শিশু জুয়েল যায়। এসময় দিঘির পাশে বসবাসকারী রমজান আলী বাসু তাদের বাঁধা দেয়। কিন্তু শিশুরা তার কথা না শুনলে রমজান তাদের ধাওয়া করলে ধরা পরে জুয়েল। পরে ওই দিঘি পাড়ে জনৈক জহিরুল ইসলামের বাড়ির পাশে তাকে রশি দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ নির্যাতনের ঘটনার ছবি মঙ্গলবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এঘটনায় মঙ্গলবার রমজান আলী বাসুকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করে জুয়েলের বাবা মনির উদ্দিন। 

এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী বাসু বলেন, ভয় দেখানোর জন্য হাসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। আমি তাকে নির্যাতন করিনি। 

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, এ ব্যাপারে শিশুটি পিতা পীরগঞ্জ থানায় মামলা করলে আসামি রমজান আলী বাসুকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 


ইত্তেফাক/এমএএম