কুমিল্লায় পৃথক স্থানে মালবাহী দ্রুতগতির ট্রাকের চাপায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (১৩ জুলাই) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর ও মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের অদূরে থোল্লার মোড় এলাকায় পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় কুমিল্লা থেকে মুরাদনগর অভিমুখি একটি অটোরিকশাকে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় ওই অটোরিকশার ৫ যাত্রীর মধ্যে ৩ জন নিহত হন।
অপর দিকে দুপুরে একই সড়কের মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের চাপায় নীরব (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দু’টি ট্রাক ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড
