জিন্নাত আরা জশোয়া
সফিকুল ইসলাম বর্তমানে পিআর এবং ব্র্যান্ডিং দুনিয়ায় একটি আইকনের নাম। ব্র্যান্ড ও বিপণন যোগাযোগে ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসমপন্ন সফিক একাধিক বিজ্ঞাপন সংস্থা ও ব্যাংকে কাজ করেছেন। সফিকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। শিক্ষাজীবনের সূচনাও এখানেই। বিজনেস এডমিনিস্ট্রেশনে মাস্টার্স সমপন্ন করেছেন ২০০৮ সালে। ছোটবেলায় অনেকের মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন নামকরা একজন ডাক্তার হবেন। তবে বড় হতে হতে সেই ইচ্ছেটা নিজে থেকেই দিকপরিবর্তন করে নিয়েছে। তবে সবকিছু পেরিয়ে একজন ভালো মানুষ হিসেবে তিনি বেড়ে উঠতে পেরেছেন। কর্মজীবনে প্রবেশ করেন ২০০৩ সালে একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে। তারপর একে একে কাজ করেছেন দেশের স্বনামধন্য বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থায়। এরপর ২০০৮ সালে হঠাত্ করেই দিক পরিবর্তন করে ঢাকা ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড ব্র্যান্ড ডিভিশনে যোগদান করেন। বর্তমানে তিনি গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেডের ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং যোগাযোগ ও ব্র্যান্ডিং বিভাগের দায়িত্বে আছেন।
একজন পিআর পেশাদারকে হতে হয় একজন তুমুল গল্পকার, দার্শনিক এবং সমকালীন। আর এক্ষেত্রে সফিক সেই অমসৃণ পথ পাড়ি দিয়েছেন খুব সহজেই। যেসব কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিআর, ব্র্যান্ডিং এবং যোগাযোগ সমপর্কিত ক্ষেত্রে কাজ করতে চায় তাদের জন্য সফিকের পরামর্শ, ‘অবশ্যই সৃজনশীল হতে হবে। সর্বশেষতম খবর, সমকালীন বিষয়ে অত্যন্ত সচেতন হতে হবে, চমত্কার একজন গল্পকার হতে হবে, প্রচারে পারদর্শী হতে হবে এবং নিজের যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।’
