চীনে হোটেল ধসে আট জন নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৪৩

রয়টার্স

চীনের সুঝৌ শহরে একটি আবাসিক হোটেল আংশিক ধসে আট জন নিহত ও ৯ জন নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকালে উপকূলীয় শহরটির সিজি কাইউয়ান হোটেলের একটি অংশ ধসে পড়ে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মঙ্গলবারও উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে ভবনটির ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। উদ্ধার কাজে সহায়তা করতে চীনের জরুরি মন্ত্রণালয় সেখানে একটি দল পাঠিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভবন ধসের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীরা কাজ করছে, এমন কিছু ছবিও প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। সিজি কাইউয়ান ২০১৮ সালে চালু করা একটি সাশ্রয়ী হোটেল। এই হোটেলটিতে ৫৪টি রুম ছিল বলে একটি অনলাইন বুকিং সাইট থেকে জানা গেছে। হোটেলটির যে অংশটি ধসে পড়েছে সেটি তিন তলা ছিল।