১২০ বছরের মধ্যে ভয়াবহ স্বাস্থ্য সংকটে সিডনি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৪৩

করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো ও টিকা নিতে নিজ নাগরিকদের উদ্বুদ্ধ করতে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে স্কট মরিসন সরকার। করোনায় ধুঁকতে থাকা এক নারীকে অক্সিজেন দেওয়ার পরও শ্বাস নিতে লড়াই করতে দেখা গেছে। এমন বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অস্ট্রেলিয়ার ঘনবসতি সিডনি ও কয়েকটি রাজ্য করোনার ডেলটা ভ্যারিয়েন্টের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকটে পড়েছে সিডনি। খবর এনডিটিভি ও সিডনির ইস্টকোস্ট ডেইলির

সিডনিতে গত সোমবার ১১২ জন করোনায় শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে নাজুক অবস্থা এই শহরটি। নিউজ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘মানুষ কিছুদিনের জন্য ঘরে থাকলে ভাইরাস ছড়ানো সম্ভব না। এজন্য সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জোর আহ্বান জানাচ্ছি’। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটিতে গত এপ্রিলের পর এই প্রথম একজন কোভিডে মারা গেছেন। ডেলটার প্রকোপের কারণে গত মধ্য জুন থেকে লকডাউনে রয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণকে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নীতিকে দায়ী করছেন অনেকে। কোভিডের চূড়ান্ত সময়েও দেশ জুড়ে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করতে পারেনি তার সরকার। এজন্য বিরোধী দলগুলো মরিসনকেই দুষছেন।