ভারতে ১৫ মাসের মধ্যে এক দিনে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৪৪

ভারতে সংক্রমণের ঢেউ স্তিমিত হয়ে আসার মধ্যে রাজধানী দিল্লিতে সোমবার নতুন ৪৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। গত ১৫ মাসের মধ্যে এ সংখ্যা এক দিনে সর্বনিম্ন।

এদিন কোভিডে মারাও গেছে মাত্র তিন জন এবং করোনা ভাইরাস পজিটিভের হার দাঁড়িয়েছে ০.০৮ শতাংশে। দিল্লির স্বাস্থ্য বিভাগের বুলেটিনে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস। ভারতে টিকা কর্মসূচি এবং করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সংগ্রাহক সংগঠন কোভিড-১৯ ইন্ডিয়াডটঅরগ জানিয়েছে, গত বছর ১৫ এপ্রিল দিল্লিতে মাত্র ১৭ জনের কোভিড শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য বুলেটিনের হিসাব মতে, ভারতে গত বছর মহামারির শুরু থেকে দিল্লিতে মোট ১৪ লাখ ৩৫ হাজার ১২৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪.০৯ লাখেরও বেশি মানুষ। আর মারা গেছে ২৫ হাজার ১৮ জন। গত রবিবার দিল্লিতে ভাইরাস শনাক্ত হয়েছিল ৫৩ জনের। পজিটিভ হওয়ার হার ছিল ০.০৭ শতাংশ এবং মারা গিয়েছিল তিন জন। এর আগের দিন শনিবার শনাক্ত হয় ৭৬ জন, পজিটিভ হওয়ার হার ০.১৯ এবং মৃত্যু হয় একজন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ২৪৪ জন মানুষ দিল্লিতে হোম আইসোলেশনে আছে। আর অবরুদ্ধ এলাকা আছে ৫২৬টি।