সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল হাইফ্লো ন্যাজাল ক্যানোলা নেই

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৩

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

করোনা রোগীদের সেবা দিতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে স্থাপন করা হয় কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট। কিন্তু এতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ না করায় ব্যবহার হচ্ছে না। এতে করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে পড়েছেন। ফলে শ্বাষকষ্টের করোনা রোগীসহ অন্য রোগীদের কাজে আসছে না এ অক্সিজেন প্ল্যান্ট।  উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাসিন্দা মিনারা পারভীন বলেন, ‘আমার মা শ্বাসকষ্টের রোগী। অক্সিজেন প্ল্যান্ট আছে জেনে এখানে চিকিত্সার জন্য নিয়ে আসি। কিন্তু ক্যানোলা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।’

হাসপাতাল সূত্র জানা গেছে, গত বছর করোনা রোগীদের চিকিত্সার জন্য ১৫ শয্যার ইউনিট প্রস্তুত করা হয়। পরে হাসপাতালে যুক্ত করা হয় অক্সিজেন সরবরাহ সুবিধা। কিন্তু এতে সংযুক্ত করা হয়নি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা। এছাড়া ইউনিটে নেই মেডিসিন বিশেষজ্ঞ। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর করোনা উপসর্গ ও মৌসুমি ফ্লু রোগী বেড়েছে হাসপাতালে। বহির্বিভাগ, আন্ত:বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন ১ হাজারের বেশি মানুষ ভিড় করেন। হাসপাতালে রোগীর তুলনায় সব পর্যায়ে জনবল সংকট রয়েছে। এখানে ৩০ জন চিকিত্সকের বিপরীতে কাজ করছেন ২৪ জন। এর মধ্যে ছয় জন রয়েছেন সংযুক্তি চিকিত্সক। ৯০ জন নার্সের বিপরীতে কাজ করছেন ৬০ জন। এর মধ্যে করোনা ইউনিট আলাদা করায় জনবল সংকট চরম আকার ধারণ করেছে।

এর সত্যতা স্বীকার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ওমেদুল হাসান সম্রাট জানান, সংকটের মধ্যে হাসপাতালে স্বাভাবিক চিকিত্সা কার্যক্রম চলছে। মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় ব্যবস্থাপত্র দিতে সমস্যা হচ্ছে। হাসপাতালের সংকটের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।