বরিশাল অফিস
বরিশালে শুরু হয়েছে মডার্নার টিকা প্রদান কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. তৈয়বুর রহমান এবং সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান শুরু হওয়ার আগেই ঐ কেন্দ্রসহ নগরীর ছয়টি টিকাদান কেন্দ্রে লাইনে দাঁড়ায় বিপুলসংখ্যক মানুষ। তারা নিজে এবং অপরকে সুরক্ষিত করতে টিকা নেওয়ার কথা জানান। মডার্না টিকার প্রথম ডোজ নেওয়া জনসাধারণ যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। যারা আজ মডার্নার টিকা নিয়েছেন তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন।
উদ্বোধনের পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আপাতত নগরীর ছয়টি কেন্দ্রে মডার্না টিকাদান শুরু হয়েছে। পর্যাপ্ত ভায়েল পেলে ঈদের পর নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। গতকাল প্রথম দিন নগরীর আমানতগঞ্জ হোলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়া নগর মাতৃসদন কেন্দ্র, নগরীর কালীজিরা বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল, নগরীর সদর রোডের বিসিসির এনেক্স ভবন এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় আসা মডার্নার ভায়েল দিয়ে ১৩ হাজার ২০০ মানুষ টিকা নিতে পারবে। এর আগে আসা চীনের সিনোফার্মার টিকা দিতে পারবে ৭০ হাজার ৮০০ মানুষ।
