ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সায় সেন্ট্রাল অক্সিজেন সুবিধা বেড নেই। সেন্ট্রাল অক্সিজেন মজুদও নেই। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২৩টি। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছাতকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এখানে আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। গত ৬ জুলাই ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ছিল ৩৯ শতাংশ।
তিনি জানান, ছাতক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অধীনে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ২৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৮২৫ জন। ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৮ হাজার ২৫৪ জন। ভ্যাকসিন প্রদান কার্যক্রম সোমবার থেকে শুরু করা হয়েছে। প্রথম দিনে ২৯৮ জন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
