নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদরের চকচাঁপাই এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় কুদ্দুস হোসেন (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের ইটভাটার পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কুদ্দুস হোসেন শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামের মৃত মজি মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। সোমবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঐ ব্যক্তির লাশ হাতমোড়া (শরীরের পেছনে বাঁধা) অবস্থায় পাওয়া যায়। এছাড়া তার ডান চোখের পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়। লাশটি নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
