মোংলায় মাদক মামলার আসামির কারাদণ্ড

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৬

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলায় মাদক মামলার আসামি বেবী বেগমকে সাড়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুরগি বাজারসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ঐ নারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এ রায় দেয়। বেবী বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে অভিযানকারীরা ২৫০ গ্রাম গাঁজা জব্দসহ তাকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। নগদ টাকা দিতে না পারায় আরো ১৫ দিনের সাজা বাড়িয়ে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বেবীর বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে বলে জানান মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।