হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় করোনা ভাইরাসের টিকা নিতে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকজন হুমড়ি খেয়ে পড়েছেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এতে লঙ্ঘন হচ্ছে স্বাস্থ্যবিধিও।
টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা ইপিআই টেকনোলজিস্ট মো. শেখ ফরিদ বলেন, কার আগে কে টিকা নিবে, এমন অবস্থা হয়েছে। অনেক লোক এক সঙ্গে আসায় সামাল দিতে অনেক কষ্ট হয়েছে। সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা আক্তার জানান, মঙ্গলবার চার শতাধিক লোককে টিকা দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. মো. শহিদ উল্লাহ বলেন, দীর্ঘদিন বিরতির পর নতুন করে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, তাই চাপ বেশি। তিনি জানান, আগে আমরা মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানোর পরও লোকজন টিকা নিতে গড়িমসি করেছে। আর এখন টিকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। চারিদিকে করোনার প্রকোপ বাড়ায়, মানুষ বুঝতে পেরেছে টিকা নেওয়া জরুরি। এখন থেকে প্রতিদিন হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে।
