পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
দীর্ঘদিন থেকে চিকিত্সকশূন্য রয়েছে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালটি। অথচ এখানে একজন সহকারী বিভাগীয় মেডিক্যাল অফিসার ও দুই জন সহকারী সার্জনসহ মোট তিন জন চিকিত্সকের পদ রয়েছে। চিকিত্সক না থাকায় সেবাবঞ্চিত হচ্ছে রেলওয়ের অসুস্থ কর্মচারীরা। তাছাড়াও হাসপাতালটির ইনডোরে ওয়ার্ড অ্যাটেনডেন্টেরও চরম সংকট রয়েছে। ছয় জনের বিপরীতে এখানে রয়েছে মাত্র দুই জন ওয়ার্ড অ্যাটেনডেন্ট। তার মধ্যে একজন শিগিগরই অবসরে যাবেন বলে জানা গেছে। এখানে একজন মাত্র ফার্মাসিস্ট রমজান আলী রোগীদের শেষ ভরসা হিসেবে কাজ করছেন। এসব বিষয়ে মুঠোফোনে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের প্রধান কর্মাধ্যক্ষ (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। বিগত নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণে শুধু পার্বতীপুর নয় গোটা বিভাগ ডাক্তারশূন্য হয়ে পড়েছে। তবে অতিসত্বর জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
