সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৭

হুইলচেয়ার পেল ১০ প্রতিবন্ধী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে পাকুন্দিয়ায় ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে মঙ্গলবার হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে এসব হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চেক প্রদান

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল এবং পিসিডির প্রোগ্রাম অফিসার মো. আব্দুল গণি।

খাদ্যসামগ্রী বিতরণ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে মঙ্গলবার সেনাবাহিনীর উদ্যোগে করোনায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মনোহরখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন ৭ পদাতিক ডিভিশনের ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি)।

নগরীতে দুই ওভারব্রিজ তৈরির উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর নগরবাসীর চলাচলের সুবিধার্থে, সড়ক দুর্ঘটনা রোধে এবং যানজট নিরসনের লক্ষ্যে নগরীতে দুটি ওভারব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং নগর ভবনের সামনে এ ওভারব্রিজ দুটি নির্মাণ কাজ শুরু করা হবে। সোমবার বিকালে ওভারব্রিজ দুটি স্থাপনের জন্য সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো.  মোস্তাফিজার রহমান মোস্তফা।

করোনার কোর কমিটির সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলা করোনা ভাইরাসের কোর কমিটির জরুরি সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ।

ছয় ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত প্রথম ধাপের ছয় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা মঙ্গলবার শপথ নিয়েছেন। উপজেলা পরিষদের সভাকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন শপথবাক্য পাঠ করান। আর ১৮ জন সংরক্ষিত ও ৫৪ জন সাধারণ আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহম্মেদ।

 

 

০