ক্রেডিট গ্যারান্টির ঋণ দিতে প্রতি বছর চুক্তি নয়

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

এখন থেকে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর চুক্তি করতে হবে না। পাঁচ বছরের জন্য একবার চুক্তি করলেই চলবে। আগে প্রতি বছর চুক্তি করা লাগত। তবে প্রতি বছরের জন্য নতুন করে লক্ষ্যমাত্রা দিতে হবে। গত সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) খাতের উদ্যোক্তাদের সব ধরনের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) খাতে জামানতবিহীন ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমে অংশগ্রহণে আগ্রহী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে তাদের সঙ্গে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য অংশগ্রহণ চুক্তি করা হবে। পরবর্তী কালে প্রয়োজনের আলোকে যা বাড়ানো হতে পারে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্ববর্তী বছরের ডিসেম্বরভিত্তিক জামানতবিহীন ঋণের ভিত্তিতে নতুন পোর্টফোলিও ঘোষণা করতে হবে।

সিএমএস খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা জামানতবিহীন ঋণের ঝুঁকি বহনের জন্য গত বছরের ২৭ জুলাই ২ হাজার কোটি টাকার একটি স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ৮ হাজার ৩২০ কোটি টাকার ঋণের বিপরীতে গ্যারান্টি দেওয়া হবে। এ স্কিমের আওতায় বিতরণ করা কোনো ঋণখেলাপি হলে তার ৮০ শতাংশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে পাবে সংশ্লিষ্ট ব্যাংক। এর আওতায় একজন উদ্যোক্তাকে ২ লাখ থেকে ৫০ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। তবে সর্বশেষ বছরে লোকসানি প্রতিষ্ঠান এখান থেকে ঋণ পাবে না।