রপ্তানি বাণিজ্যে সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

রপ্তানিকারকের ঝুঁকি নিরসনে রপ্তানি বাণিজ্যে সুরক্ষা ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে রপ্তানি বাণিজ্যে ঝুঁকি নিরসনের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দেওয়া হয়েছে। বিদেশের শেল ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক নীতিমালা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ঋণপত্রের মাধ্যমে রপ্তানির সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে এপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে এপ্লিকেন্ট ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংক বরাবরে সরাসরি কিংবা ঐ ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুমেন্ট পাঠাতে হবে। হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের এপ্লিকেন্ট ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি এবং হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়েছে। চুক্তিপত্রের মাধ্যমে রপ্তানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংক যাতে রপ্তানি ডকুমেন্ট ছাড়করণ, মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান এবং প্রচলিত ইউনিফরম রুলস ফর কালেকশনের বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত হওয়ার জন্য নির্দেশনা প্রজ্ঞাপনে রয়েছে।