দেবীদ্বারে আবর্জনায় ভরাট হচ্ছে জলাশয়

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৩১

সরকার সারা দেশে পুকুর বা জলাশয় ভরাটে নিষেধাজ্ঞা জারি করলেও কুমিল্লার দেবীদ্বারে সেটা মানা হচ্ছে না। কৌশলে রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলার পৌর এলাকাধীন সাইলচর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে থাকা বিরাট একটি জলাশয় ময়লা-আবর্জনাসহ বিভিন্ন বর্জ্য ফেলে ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি চক্র। অভিযোগ উঠেছে, দেবীদ্বার পৌর এলাকাধীন বাসাবাড়ি, হোটেল-রেস্টুরেন্ট, হাট-বাজার, হাসপাতাল, ক্লিনিকের ময়লা-আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট, পচা-বাসী অংশসহ বিভিন্ন পরিত্যক্ত বর্জ্য প্রতিদিনই ফেলা হচ্ছে সড়কের পাশে। এরপর সেগুলো ছড়িয়ে পড়ছে পাশে থাকা জলাশয়ে। পরে জলাশয়ের পানির সঙ্গে মিশে সেগুলো ফসলি জমিতে গিয়েও ছড়াচ্ছে। এর ফলে আশপাশের ফতেহাবাদ, পান্নারপুল গ্রামসহ সড়কে চলাচলকারী যানবাহনের  যাত্রী ও পথচারীদের বায়ুদূষণ, ও শ্বাসকষ্ট এবং দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। এ অবস্থায় পরিবেশ রক্ষায় জলাশয় ভরাট এবং জলাশয় ভরাটে ময়লা-আবর্জনার ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা