বিনোদনের অন্যতম একটি মাধ্যম খেলাধুলা। খেলাধুলায় কেউ অংশগ্রহণ করেন আবার কেউ মাঠে কিংবা টেলিভিশনে দেখার মাধ্যমে তা উপভোগ করেন। প্রতিটি খেলায়ই জয়-পরাজয় রয়েছে। খেলায় জয়-পরাজয় সবাইকে মেনে নিতে হয় আর এটাই স্বাভাবিক। পৃথিবীতে অনেক খেলা রয়েছে; কিন্তু তার মধ্যে ফুটবল অনেক জনপ্রিয়। দেখা যায়, ফুটবলের বড় বড় আসরে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হাজার হাজার ভক্ত তাদের প্রিয় দলকে সমর্থন করে আনন্দ লাভ করেন। কিন্তু দুঃখ লাগে যখন দেখি, এক দলের সমর্থকদের দ্বারা অন্য দলের সমর্থকেরা আক্রমণের শিকার হন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য দলের প্রতি বাজে কমেন্ট করতে সরব হন। কোনো কোনো সময় এই উত্তেজনা মারামারির পর্যায়ে পর্যন্ত চলে যায়। যেহেতু খেলাধুলা একটি বিনোদনমাত্র, তাই সমর্থনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো কখনো কাম্য নয়। প্রত্যেক সমর্থকেরই নিজ দলের প্রতি একটি অন্যরকম ভালো লাগা কাজ করে। সবাই চায় তার পছন্দের দলকে বড় করে উপস্থাপন করতে। কিন্তু নিজের সমর্থিত দলকে বড় করতে গিয়ে অন্য দলকে বা তাদের সমর্থকদের খাটো করা বা তাদের প্রতি বাজে মন্তব্য করা উচিত নয়। আমাদের উচিত এক জন আরেক জনের পছন্দকে সম্মান জানানো এবং একে অন্যের প্রতি সহনশীল হওয়া।
মারুফ হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
