প্রাণঘাতী করোনা ভাইরাসের আঘাতে যখন ক্ষত-বিক্ষত পৃথিবী, তখন মানুষের মনে বিরাজ করছে বিভিন্ন রকম ভয়ভীতি। সামনে আসছে খুশির ঈদ, কিন্তু এই খুশির ঈদ যেন অনেকের মধ্যে কাল হয়ে দাঁড়িয়েছে। লকডাউন ও করোনা মহামারির মধ্যে কর্মহীন নিম্ন আয়ের মানুষের ঈদ উদ্যাপন তো দূরের কথা বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। অনেক পরিবার কারোনায় হারিয়েছে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকেও। তাদের প্রতিটি দিন যেন একেকটি দুঃস্বপ্নের মতো। লকডাউন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ। দিনভর খাবারের সন্ধানে থাকাই তাদের মূল যুদ্ধ। কিন্তু মহামারি করোনার থাবায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের চোখেমুখে এখন শুধুই হতাশার ছাপ। যেখানে আয় রোজগারের সব পথ বন্ধ, সেখানে ঈদ তাদের কাছে বিলাসিতা মাত্র। করোনার কারণে আমরা হয়তো সামাজিক দূরত্ব বজায় রাখতে ঈদে কারো বাড়িতে বেড়াতে যাওয়ার চিন্তা করছি না, কিন্তু আমরা আশপাশে অসহায়, গরিব প্রতিবেশী যারা রয়েছে তাদের কথা ভাবতেই পারি। সামাজিক দূরত্বের কথা ভেবে তাদের ঘরে আমাদের পক্ষ থেকে ঈদের উপহার পাঠানোর ব্যবস্থা করতে হবে। লকডাউন ও করোনাকালীন দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এখনি উপযুক্ত সময়। আমাদের উচিত বিপদগ্রস্ত, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ হোক সবার, বৈষম্যের যেন ঠাঁই না হয় সেখানে। আমরা সচেতন হলেই করোনা নামক ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। আসুন সচেতন হই এবং অন্যকে সচেতন করি। সর্বোপরি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা একদিন সুস্থ পৃথিবী ফিরে পাব। সেই অপেক্ষায় গোটা বিশ্ব।
সিনথিয়া সুমি
গোপালগঞ্জ
