জুয়া খেলা বন্ধে প্রয়োজন জরুরি পদক্ষেপ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৩২

গ্রামগঞ্জ সবখানে ছেয়ে গেছে জুয়া খেলা। জুয়া খেলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। জুয়ার টাকা জোগান দিতে অনেকেই মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন প্রকার অনৈতিক, আইনিবিরোধী ও অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। গ্রামগঞ্জে কিশোর ও তরুণ বয়সেই অনেকে জড়িয়ে পড়ছে জুয়া খেলায়, যা একটি জাতির সমৃদ্ধির পথে বড় বাধা। এমনকি বিনোদনের জন্য জনপ্রিয় ক্রিকেট খেলা নিয়েও শুরু হয়েছে বাজি ধরা, যা জুয়া খেলারই নামান্তর। কিশোর, তরুণ, প্রবীণ সর্বস্তরের মানুষ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। অল্প বয়সে জুয়া খেলায় আসক্ত হওয়ার কারণে অনেকেই প্রাথমিক শিক্ষার গণ্ডী থেকেই ছিটকে পড়ছে, যা বেকারত্ব ও অপরাধপ্রবণতা বৃদ্ধির অন্যতম একটি কারণ। জুয়া খেলার কারণে সৃষ্টি হচ্ছে পারিবারিক কলহ। ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জুয়ার নেশায় মাতাল হয়ে, টাকা না পেয়ে খুনের মতো জঘন্য অপরাধও করছে। তৈরি হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা। বৃদ্ধি পাচ্ছে দারিদ্র্য। জুয়া খেলায় বেশির ভাগ জড়িত হচ্ছে সমাজের নিম্ন আয়ের, বেকার, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেরা। বিশেষ করে গ্রামাঞ্চলে ও প্রত্যন্ত অঞ্চলে এটা বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই উক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে অতিদ্রুততার সঙ্গে জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শ্যামলী তানজিন অনু

কুষ্টিয়া