জাল কেটে নিয়ে স্মৃতি সংরক্ষণ করলেন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

সাধারণত ক্রিকেটে এমনটা দেখা যায়। সেঞ্চুরি করেছেন বলে সেই ব্যাট রেখে দেন। ভালো বল করেছেন বলে উইকেটটা তুলে নিয়ে রেখে দেন। এমনকি স্মরণীয় কোনো ম্যাচের উইকেট পিচ থেকে তুলে নিয়ে সংগ্রহে রেখে দেনে ক্রিকেটাররা। কোপা আমেরিকা এবং ইউরোতে এমন ঘটনা দেখা গেছে।

গত রবিবার বাংলাদেশ সময় ভোরে কোপার ফাইনাল দেখে সেই রাতেই দর্শক ফুটবল দুনিয়ার ইউরোর ফাইনাল উপভোগ করেছেন। এই ফাইনালের পর একই ছবি দেখেছেন দর্শক।  

মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর গোলপোস্টের জাল কেটে নিয়ে গেছেন ফাইনালের একমাত্র গোলদাতা, জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। আর রাতে ইউরোর ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইতালির দুই ফুটবলারও মানুয়েল লোকাতেল্লি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জ গোলপোস্টের জাল কেটে নিয়েছেন ।

৫৩ বছর পর ইউরোর ট্রফি ঘরে তুলেছে ইতালি। এমন সময় এই ট্রফি পেয়েছে যখন ইতালির ফুটবল ডুবতে বসেছিল। অন্যদিকে কোপায় ২৮ বছর পর আর্জেন্টিনা শিরোপা পেলেও দেশের জার্সি গায়ে মেসির প্রথম শিরোপা জয় বলে এটি অন্যরকম একটি ইতিহাস আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে। তাই জয়কে স্মরণীয় করে রাখাটাই তো স্বাভাবিক।

তবে এ ধরনের জয়ে স্মৃতি ধরে রাখার ঘটনা আগেও আছে। বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়ার পর জেরার্ড পিকেদেরও জাল কেটে নিতে দেখা গেছে। তবে সেটা ক্লাব ফুটবলে। আর কোপা এবং ইউরো হচ্ছে দুই দেশের খেলা।