স্পোর্টস রিপোর্টার
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের পরই জিম্বাবুয়ের অবস্থান। কিন্তু একমাত্র টেস্টে দুই দলের লড়াই জমেনি। জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার মিশন ওয়ানডে সিরিজের। কিন্তু ওয়ানডে ক্রিকেটে দুই দলের ব্যবধান অনেক। র্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে, ১৩ নম্বরে আছে জিম্বাবুয়ে। ওয়ানডেতে তাই পরিষ্কারভাবে এগিয়ে বাংলাদেশ। ফেবারিটের তকমাও টাইগারদের দখলে।
তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও অভিজ্ঞতার বিচারে ওয়ানডে সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন। এরই মধ্যে হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুই দিন অনুশীলন করেছে টাইগাররা। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৬ জুলাই। তার আগে আজ প্রস্তুতি ম্যাচে অংশ নিবে তামিম ইকবালের দল। তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
চার সিনিয়র ও তরুণদের সমন্বয়, কয়েক জন অলরাউন্ডারও আছেন বাংলাদেশ দলে। তাই নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক। গতকাল হারারেতে অনুশীলনের পর তিনি বলেছেন, ‘আমাদের চার জন অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। সে কারণে আমাদের দলটা কিন্তু অভিজ্ঞ-তরুণের দারুণ এক সমন্বয়। এমনটা বিশ্বের অনেক দলেরই নেই। এছাড়া অধিকাংশ ক্রিকেটারই ব্যাটিং-বোলিং করতে পারে এটা আমাদের দলের জন্য খুব ভালো একটা দিক।’
সীমিত ওভারের ফরম্যাটে হারারের মাঠে ব্যাটিং সহায়ক উইকেট পাওয়ার আশা করছেন মোসাদ্দেক। বোলারদের জন্য চ্যালেঞ্জিং সিরিজ হবে এটি। তিনি বলেছেন, ‘উইকেট খুবই ভালো ব্যাটসম্যানদের জন্য। এখানে বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। যদিও প্রথম একটা ঘণ্টা কিছুটা সহায়তা থাকে, এরপরে খুব বেশি সহায়তা থাকে না। আমি মনে করি যে, বোলারদের জন্য এখানে চ্যালেঞ্জ তবে ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।’
হাঁটুর ইনজুরির কারণে টেস্ট খেলতে পারেননি তামিম। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী এখন বিশ্রামেই থাকার কথা তার। তারপরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা খেলবেন বাংলাদেশের অধিনায়ক। কারণ সিরিজটা ওয়ানডে সুপার লিগের অধীনে। অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ। তাই পায়ে টেপ পেঁচিয়ে খেলবেন তামিম। তার আগে আজ প্রস্তুতি ম্যাচে নিজের ইনজুরির অবস্থা বুঝতে চান তিনি। আশা করছেন খেলতে পারবেন। তবে ওয়ানডের পর দেশে ফিরে বিশ্রামে থাকতে হবে বাঁহাতি এ ওপেনারকে। বিশ্রামে থাকলে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে যাবেন তামিম। মিস করবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজও।
