আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ৫১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১১ জানায় ,আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—দুলাল হোসেন, মো. আরিফ, মো. আলম, মো. শামীম, মো. আলম, রোজী আক্তার, হাসি আক্তার, ঝর্ণা বেগম ও সুজেতা আক্তার।
র্যাব-১১-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে জড়িত রয়েছে এবং এই রুটে তারা প্রায়ই মাদক পাচার করে থাকে—খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়। তারা সবাই কাপড়ের ব্যাগে করে এই মাদক পাচার করছিল। আসামিদের বাড়ি শেরপুর জেলায়। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গ্রেফতারের পর তাদের আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, এই ঘটনায় মামলা হয়েছে।
