হাসপাতালে শিশুর মৃত্যু হদিস নেই স্বজনদের

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

মোহাম্মদপুরে একটি হাসপাতালে ছয় মাস বয়সি এক শিশু মারা গেছে। ঐ শিশুর নাম মাইমুনা। মৃত্যুর পরও শিশুটির পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পুলিশ শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রেখেছে। গত সোমবার শিশুটি মারা যায়। গতকাল মঙ্গলবার তার লাশ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান জানান, মোহাম্মদপুর কলেজ রোডে অবস্থিত ঢাকা হেলথকেয়ার হাসপাতালে গত ৩০ জুন সুমি নামে এক নারী তার কন্যা পরিচয়ে শিশু মাইমুনাকে                চর্মজনিত রোগের কারণে ভর্তি করে। ভর্তির পর পরই স্বজনদের আর খুঁজে পাননি হাসপাতালের চিকিত্সকরা। এক পর্যায়ে হাসপাতালে কর্তৃপক্ষ গত ৭ জুলাই এ বিষয় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়ারি করে। হাসপাতালে ভর্তি শিশু মাইমুনা গত সোমবার সন্ধ্যার দিকে মারা যায়। তবে হাসপাতাল থেকে পাওয়া একটি নম্বরে যোগাযোগ করা হলেও ঐ নারী হাসপাতালে আসার কথা বললেও পরে আর আসেননি। ফোনও আর রিসিভ করছেন না।