খুলনায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:০৪

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার খুলনা জেলায় কোভিড-১৯ মোকাবিলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রথমে খুলনা স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও অসহায় জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণকার্যক্রম প্রত্যক্ষ করেন। এরপর তিনি সেনাবাহিনীর টহল কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান খুলনা জেলায় চলমান অপারেশন কোভিডশিল্ডের ২য় পর্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সবাইকে বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও জিওসি ৫৫ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনা শহর পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে যান। সেখানে সেনাপ্রধান দরবারে বক্তব্য প্রদান করেন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাওয়ায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক পহেলা জুলাই হতে বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে সহায়তার উদ্দেশ্যে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। —আইএসপিআর