জনগণ স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না :কাদের

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ঠিকমতো মাস্ক পরলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। ঠিকমতো মাস্ক পরিধান করোনা সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা। গতকাল সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমান পরিস্থিতিতে দলীয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, এখন একমাত্র কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে থাকা।

ওবায়দুল কাদের বলেন, একটা সময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না, এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, হাটবাজারে বা চায়ের দোকানে জটলা তৈরি না করে সতর্কভাবে চলাফেরা এবং মাস্ক পরিধানের মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনকে ফাঁকি দেওয়া গেলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না, তার প্রমাণ অতিসংক্রমণ এবং মৃত্যুর উচ্চহার। প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও উত্সবের যে সুযোগ করে দিয়েছেন তার সদ্ব্যবহার করতে হবে। কেউ যেন দায়িত্বহীনভাবে ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানির পশুর হাটে বাঁধভাঙা ভিড় সৃষ্টি না করে, সেদিকে সবাইকে কঠোর সতর্কতা মানতে হবে। তা না হলে ভয়ংকর বিপর্যয় নেমে আসবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এই সংকটকালে এবং ঈদুল আজহা উপলক্ষ্যে অসহায়, দুঃস্থ এবং খেটে খাওয়া মানুষের পাশে থাকা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সামর্থ্যবান ও জনপ্রতিনিধিরা দলের দুঃখী, অসহায় এবং অসুস্থ কর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।’