টানা তিন দিন দুই শতাধিক মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:৩৩

দেশে করোনা ভাইরাসে টানা তিন দিন দৈনিক দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ২০৩ জন মারা গেছেন। সোমবার ২২০ জন এবং তার আগের দিন রবিবার মহামারিকালের সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত এক দিনে দেশে পৌনে ৪২ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৯৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন দেশে রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে সারা দেশে লকডাউনের যে কঠোর বিধিনিষেধ চলছে, তা ঈদের জন্য ৯ দিন শিথিল করার ঘোষণা এসেছে মঙ্গলবার। ঈদের পর আবারও চলতি বিধিনিষেধ ফিরিয়ে আনার কথা বলেছে সরকার।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে ১৬ হাজার ৮৪২ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। সরকারি হিসাবে গত এক দিনে আরো ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০৩ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ১৩২ জন, আর নারী মারা গেছেন ৭১ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন ১২ জন।