তথ্যমন্ত্রীর বাসার তৈরি খাবার বিতরণ হচ্ছে চট্টগ্রামের ফুটপাতে

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:৩৩

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয়  নেই, ঘরে খাবার নেই। এসব শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করছে তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। লকডাউনের শুরু থেকে প্রতিদিন বাসায় তৈরি করা এসব খাবার বিতরণ করা চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনের ফুটপাতে। মঙ্গলবার দুপুরেও দুই শতাধিক পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। সরেজমিন দেখা যায়, দেওয়ানজি পুকুড়পাড় এলাকায় নবাব সিরাজদ্দৌলা রোডে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন দুই শতাধিক মানুষ। স্বাস্থ্যবিধি মেনে আগত মানুষজন একে একে গ্রহণ করছেন খাবারের প্যাকেট।

তথ্য ও সমপ্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, ১ জুলাই ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই প্রতিদিন দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করছেন তাঁরা। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত  এ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন শেষ হলেও সপ্তাহে অন্তত দুই-তিনদিন এ খাবার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন বলে তিনি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা  এমরুল করিম রাশেদ, কায়ছারুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, সদস্য শফিউল আলম ও শৈবাল চক্রবর্তী এ খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।