ঢিলেঢালা হয়ে পড়েছে কঠোর বিধিনিষেধ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:৫০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের গতকাল মঙ্গলবার ছিল শেষ দিনের আগের দিন। ফলে কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাব পরিলক্ষিত হয়। চেকপোস্টগুলোতেও শিথিলতা দেখা দেয়। অন্যদিকে আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির খবর প্রকাশের পরেই রাজধানীতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বেড়ে যায়। গণপরিবহন বন্ধ থাকলেও প্রাইভেটকার ও রিকশার চাপে গতকাল রাজধানীর কলেজগেট, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর, মগবাজার ও বারিধারা সড়কে দীর্ঘ যানজট পরিলক্ষিত হয়। প্রাইভেটকার, মাইক্রোবাস, জরুরিসেবা সংস্থার গাড়ি এবং অফিস কর্মীদের গাড়িতে রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলো ফিরে অনেকটাই পুরোনোরূপে।

ট্রেন চলবে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, চলমান কঠোর লকডাউন শিথিল হওয়ায় রেল মন্ত্রণালয় বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আজ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলবে ট্রেন। এ সময় দিনে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। গতকাল দেওয়া হয়েছে ১৫, ১৬ ও ১৭ তারিখের যাত্রার টিকিট। তিনি আরো বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে চড়তে হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, আজ বুধবার মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল থাকবে। এ সময়ে স্বাস্থ?্যবিধি মেনে দূরপাল্লাসহ সবধরনের গাড়ি অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

চলবে লঞ্চও

আজ বুধবার মধ্যরাত থেকেই লঞ্চ চলাচল শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লঞ্চে আসনের অর্ধেক যাত্রী এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সেই অনুযায়ী ২৩ জুলাই সকাল পর্যন্ত চলবে লঞ্চ।