বেতন দেওয়ার খবরে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচিত হাসেম ফুড লিমিটেডের সামনে ভিড় করেন হাজারো শ্রমিক। দুপুরের পর শ্রমিকদের জুন মাসের বেতন দেওয়া হয়। হাসেম ফুড লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক (অ্যাডমিন) এফ এম এ মুরাদ বলেন, মঙ্গলবার আমরা জুন মাসের বেতন দিলাম। বৃহস্পতিবার ওভারটাইম এবং শুক্রবার ঈদ বোনাস দেওয়া হবে। আহত শ্রমিকেরা আসতে না পারলে তাদের পরিচয়পত্র দিয়ে স্বজনেরা বেতন নিতে পারবেন। যারা পরিচয়পত্র হারিয়েছেন বা পুড়ে গেছে, তাদের আইডি নম্বর বললে বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বেলা ১টার মধ্যেই বেতন পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কে যানজটের কারণে বেতন দিতে একটু দেরি হয়েছে। সাইদ মিয়া নামের এক শ্রমিক বলেন, সোমবার রাতে কারখানার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনে সকালে বেতন নিতে এসেছেন।
কারখানা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ : আমাদের রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল আগুনে ক্ষতিগ্রস্ত সেজান জুস কারখানা পরিদর্শনে যান বিএনপির সিনিয়র কর্মকর্তারা। এ সময় উপজেলা বিএনপির নাছির ও দিপু ভুঁইয়ার সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। কেন্দ্রীয় নেতাদের পাশে থাকা ও ছবি তোলাকে কেন্দ্র করে নাছির সমর্থিতরা দিপু ভুঁইয়ার সমর্থিতদের ওপর হামলা করে। এ সময় নেতাকর্মীরা ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ নেতাকর্মী আহত হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হতাহতের পরিবারকে আইএলও (আন্তর্জাতিক শ্রমিক সংস্থার) কনভেনশন আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। ভুল ব্যবস্থাপনা, অবহেলা আর ত্রুটির কারণেই সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে এত প্রাণহানির ঘটনা ঘটেছে। কারখানার পরিবেশ কর্মের উপযোগ নয়। শ্রমজীবী মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। আইন বাস্তবায়নে সরকারের অনীহা আছে। গতকাল আগুনে ভস্মীভূত ভবন পরিদর্শন শেষে তিনি একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তৈমুর আলম খন্দকার, কামরুজ্জামান রতন, আব্দুস সাত্তার, মাহফুজুর রহমান হুমায়ুন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গোলাম ফারুক খোকনসহ আরো অনেকেই।
