কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুত্ বড়ুয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা মো. সাজ্জাত হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার মামলাটি করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মো. ফারুক চৌধুরী। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দীন ইত্তেফাককে বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে।
গত সোমবার রাতে মো. সাজ্জাত হোসেন নিজের ফেসবুক থেকে ডা. বিদ্যুত্ বড়ুয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। সাজ্জাতের এমন কর্মকাণ্ডে দেশের চিকিত্সক সমাজের প্রতি ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এমন মিথ্যা ও আক্রমণাত্মক কাজে ডা. বিদ্যুত্ বড়ুয়ার সুনাম ক্ষুণ্ন হয়েছে।
